দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে নিহত ব্রিটিশ-নেপালি খ্যাতিমান পর্বতারোহী নির্মল পূর্জার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে আলপাইন ক্লাব অব পাকিস্তান।
সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় তার মরদেহ পাওয়া গেছে। একই এলাকায় আরও তিনটি মরদেহ শনাক্ত করা হলেও সেগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
৪৩ বছর বয়সী নির্মল পূর্জার মৃত্যুর খবর শনিবার তার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস নিশ্চিত করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ব্রড পিকে তুষারধসে অন্তত ১০ জন পর্বতারোহী নিহত হয়েছেন।
এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানান, একই অভিযানে থাকা যুক্তরাষ্ট্রের ম্যালোরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুংয়ের মরদেহও উদ্ধার করা হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক শোকবার্তায় বলেন, বিশ্বরেকর্ডধারী নির্মল পূর্জাসহ ছয় নেপালি ও চার বিদেশি পর্বতারোহীর মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তাদের সাহস, নিষ্ঠা ও অবদান সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
নির্মল পূর্জার বড় ভাই কমল পূর্জা এক বিবৃতিতে বলেন, ‘ভেঙে পড়া হৃদয় নিয়ে জানাচ্ছি, আমার প্রিয় ছোট ভাই নির্মল ‘নিমসদাই’ পূর্জা এবং তার সঙ্গীরা আর আমাদের মাঝে নেই। আমরা গভীরভাবে শোকাহত, তবে তার অর্জন নিয়ে গর্বিত। তার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে।’
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামও শোক প্রকাশ করে বলেন, সেনাসদস্য হিসেবে দেশের সেবা করার পর নির্মল পূর্জা বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহীতে পরিণত হয়েছিলেন।
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে গত বৃহস্পতিবার তুষারধসের পর থেকেই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল।
নেপালে জন্ম নেওয়া নির্মল পূর্জা ১৬ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন, যার মধ্যে ১০ বছর ছিলেন বিশেষ বাহিনীতে। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ জয় করে আগের রেকর্ড সাত বছরেরও বেশি সময়ের ব্যবধানে ভেঙে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। পরে তার এই অভিযাত্রা নিয়ে নির্মিত ‘14 Peaks: Nothing Is Impossible’ শীর্ষক নেটফ্লিক্স প্রামাণ্যচিত্র তাকে আরও জনপ্রিয় করে তোলে।
সবশেষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নির্মল পূর্জা লিখেছিলেন, শুরুতে তার পরিকল্পনায় ব্রড পিক ছিল না। তবে সুযোগ আসায় তিনি এই শৃঙ্গও জয়ের সিদ্ধান্ত নেন। লক্ষ্য ছিল অক্সিজেন ছাড়াই বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ দ্বিতীয়বারের মতো জয় করা প্রথম ব্যক্তি হওয়া। পোস্টের শেষদিকে তিনি লিখেছিলেন, ‘ব্রড পিক, তোমার কাছে আমার একটাই চাওয়া—নিরাপদে ওপরে উঠতে এবং ফিরে আসতে চাই। কোনো পর্বতকেই আমি হালকাভাবে নিই না।’
সূত্র: বিবিসি
এমএস/